তন্ময় হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি
- আপডেট সময় : ০৯:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ইন্দ্রবেলতা গ্রামের মো. ইমরান হোসেন (তন্ময়) হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত ইমরান হোসেন (তন্ময়)-এর স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘তন্ময় হত্যার বিচার চাই’ ও ‘হত্যাকারীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
মানববন্ধনে নিহত ইমরান হোসেন তন্ময়ের বড় ভাই আলমগীর হোসেন বলেন, “যারা আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।”
এ সময় ইন্দ্রবেলতা গ্রামের মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম বক্তব্যে বলেন, “কিছু নারী টিকটকে আসক্ত হয়ে তরুণদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে”—এমন অভিযোগ তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এছাড়াও মানববন্ধনে জুলাইযোদ্ধা মশিউর রহমান বক্তব্য রাখেন। তিনি তন্ময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সেজন্য নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করে নিহতের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান তারা।









