টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তারা টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন এবং কাজের তদারকি করেন।
এসময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন ,কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বছরের প্রথম দিন ও বাংলাদেশের প্রথম কৃষক কার্ড চালু হতে যাচ্ছে, যা টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এ জন্য আগামীকাল টাঙ্গাইল ও সারা বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। টাঙ্গাইলসহ দেশের ১১টি পয়েন্টে প্রি-পাইলটিং শুরু হবে। পাইলটিং শেষে আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে এই কার্ড বিতরণ শেষ হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহারে ছিল। প্রধানমন্ত্রী সকল ওয়াদাই পূরণ করছেন। আশা করছি সুশৃঙ্খলভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। এটি টাঙ্গাইলবাসীর জন্য অনেক বড় সম্মানের বিষয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, কৃষি কার্ডের ফলে কৃষকরা সকল সুযোগ সুবিধা পাবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া, নায্যমূল্যে কৃষিসামগ্রী পৌঁছে দেওয়া। কৃষকদের কৃষি সামগ্রী যাতে কৃষকরা সঠিক সময়ে কৃষিখাত ব্যবহার করতে পারে। কৃষির উন্নয়নই বাংলাদেশের উন্নয়ন। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ব্যবস্থা করা হয়েছে।
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য সরকার চালু করতে যাচ্ছে ‘কৃষক কার্ড’। তিন ধাপে পর্যায়ক্রমে সারা দেশের কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকাসহ বিভিন্ন সুবিধা পাবেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন এবং গাছের চারা তুলে দিবেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু এমপি, জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসিরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।










