টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ০৫:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের ছোট কালিবাড়ি এলাকার বাসিন্দা এবং বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম।
খবর পেয়ে রাতেই নিহতদের স্বজনদের সান্তনা দিতে হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্বাধীন ও ফাহিম শহর থেকে বাসায় ফিরছিল। হঠাৎ তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ এলাকায় একটি দেয়ালে ধাক্কা লাগে। আশেপাশের লোকজন তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানান, আইনী প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।












