টাঙ্গাইলে বিএনপির পরাজিত প্রার্থী নাসিরের বিরুদ্ধে লুৎফর রহমান খান আজাদের অভিযোগের পাহাড়
- আপডেট সময় : ০৫:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) বিএনপির পরাজিত প্রার্থী ওবায়দুল হক নাসিরের বিরুদ্ধে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
শনিবার ১৪ (ফেব্রুয়ারী) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লুৎফর রহমান খান আজাদ অভিযোগ করেন, নির্বাচনের আগে ও পরে তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখলের চেষ্টা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে ওবায়দুল হক নাসিরের অনুসারীরা জড়িত ছিল।
তিনি বলেন,নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। কিন্তু পরাজয় নিশ্চিত বুঝতে পেরে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
আজাদ আরও দাবি করেন, নির্বাচনের দিন কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনেছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিগত ৩৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সক্রিয় রাজনীতি করে আসছি। মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরে আমার রাজনীতিতে আগমন। এজন্য আমি বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তথা দলের প্রতি চির কৃতজ্ঞ।
সংবাদ সম্মেলনে ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক ঘাটাইল পৌর মেয়র মনজুরুল হক, সাবেক ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সাবেক ছাত্রদল নেতা শামিম মিয়া সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মো.শামীম আল মামুন












