কালিহাতীতে চিকিৎসাধীন মাদকাসক্ত রোগী নিখোঁজ
- আপডেট সময় : ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে চিকিৎসাধীন অবস্থায় এক মাদকাসক্ত ও চর্মরোগে আক্রান্ত যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার ও সংশ্লিষ্টদের মাঝে। নিখোঁজ ওই যুবকের নাম সাদ বিন ইসলাম (২৯)। তিনি ঢাকার মোহাম্মদপুর থানার সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা মুরসিদুল ইসলাম এবং মাতা সৈয়দা মনিরা জামিল।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সমস্যায় ভুগতে থাকা সাদ বিন ইসলামকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে গত ৪ এপ্রিল ২৬ তারিখে আবেদন করা হয়। পরবর্তীতে ৬ এপ্রিল ২৬ তাকে কালিহাতীর “সৎ ইচ্ছা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র”-এ ভর্তি করা হয়। ভর্তি পরবর্তী সময়ে তার সার্বিক দায়িত্ব পালন করেন তার বোন মাহদীয়া ইসলাম।
চিকিৎসাধীন অবস্থায় প্রাথমিকভাবে রোগীকে তত্ত্বাবধান করেন ডা. অপূর্ব কর্মকার (এমবিবিএস, পিজিটি মেডিসিন)। পরবর্তীতে তার শারীরিক জটিলতা বিবেচনায় যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) তাকে দেখেন এবং প্রয়োজনীয় পরীক্ষা -নিরীক্ষা দেন। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইলের মানব সেবা হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও এম রহমান মেমোরিয়াল হাসপাতাল ও নিউ স্বদেশ ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করা হয়।
চিকিৎসার মাত্র ৬ দিনের মাথায়, ১১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২টা ৫০ মিনিটে, এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় রোগীটি নিখোঁজ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী প্রথমে চা পান করার ইচ্ছা প্রকাশ করে এবং পরে প্রস্রাবে যাওয়ার কথা বলে বাইরে যাওয়ার সুযোগ নেয়। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের পলাশ (২৯), মোহাম্মদ রাজিব হোসেন (২৯) ও মশিউর রহমান (৪০)। কিন্তু মুহূর্তের মধ্যেই সবার অগোচরে সে সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে খোঁজার চেষ্টা চালায়। আশেপাশের এলাকা, সম্ভাব্য অবস্থান ও যোগাযোগের সূত্রগুলোতে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে সৎ ইচ্ছা মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের মহা ব্যবস্থাপক গণেশ চন্দ্র সূত্রধর শান্ত বলেন—“আমরা মানবিক দায়বদ্ধতা থেকেই রোগীকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছিলাম। তার নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাকে খুঁজে পেতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। থানায় জিডি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। খুব শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হবে এবং গণমাধ্যম ও পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে।
তিনি আরও বলেন, একজন অসুস্থ মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা শুধু পরিবারের নয়, আমাদের সবার সামাজিক দায়িত্ব। তাই সমাজের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
যোগাযোগ: ০১৭১১-৪৭০৩০৫
কেউ যদি নিখোঁজ সাদ বিন ইসলামের সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে দ্রুত উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একটি জীবন বাঁচাতে আপনার একটি তথ্যই হতে পারে সবচেয়ে বড় সহায়তা।










